এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- আপডেট সময় : ০৩:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ৪২ বার পড়া হয়েছে
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার সব শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ৷ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে এবার পাসের হার ৬৪.৫০ শতাংশ। এসব বোর্ডে মোট ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৬২ হাজার ৬৬৩ জন এবং ছাত্রী ৭ লাখ ৪১ হাজার ৮৭৬ জন।
সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ৯৫ হাজার ৮১৪ জন এবং ছাত্রী ৫ লাখ ৩ হাজার ৭৯৬ জন।
এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন। এর মধ্যে ছাত্র ৪৭ হাজার ৩০৪ জন এবং ছাত্রী ৫৮ হাজার ৭০৫ জন।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫৫.৪৯ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন শিক্ষার্থী।
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ। এ বোর্ড থেকে জিপিএ-৫ অর্জন করেছে ৩ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।
সব বোর্ড মিলিয়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।





















