৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার
- আপডেট সময় : ০৬:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ৪২ বার পড়া হয়েছে
উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি অত্র অনুবিভাগের বিভিন্ন তারিখের স্মারকমূলে পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি-জেনারেল ও সহকারী অ্যাটর্নি-জেনারেল এর নিয়োগ আদেশ বাতিলপূর্বক Bangladesh Law Officers Order, 1972 (P.O.No. 6 of 1972) এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রদান করা হইলো।
বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে পৃথক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অ্যাটর্নি কার্যালয়ের কর্মকর্তাদের পদত্যাগ চলে।
এর মধ্যে ৮ অগাস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়, যিনি বর্তমানে আইনমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
১৩ অগাস্ট আইনজীবী আব্দুল জব্বার ভুঁইয়া, অনীক আর হক ও মোহাম্মদ আরশাদুর রউফকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর ২৮ অগাস্ট ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে গত ২৩ জুন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জামায়াতপন্থি হিসেবে ১৮ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেন। তাদের মধ্যে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে ছিলেন।
জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনে রাষ্ট্রের বিরোধিতা এবং সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে তারা একযোগে পদত্যাগের কথা জানিয়েছিলেন।






















