বেলজিয়াম ঝড়ে উড়ে গেল ট্রাম্পের যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০১:০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ৪৭ বার পড়া হয়েছে
সব জায়গায় প্রভাব খাটালে যে ফল ভাল হয় না ডোনাল্ড ট্রাম হয়ত বিষয়টি ভালো ভাবেই আঁচ করতে পেরেছেন! ফিফার উপর নজিরবিহীন চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় বালোগানের এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার শাস্তি তুলে নিয়ে মাঠে নামাতে পেরেছেন ট্রাম্প, কিন্তু ঘরের মাঠের বিশ্বকাপে টিকে থাকতে পারেনি৷ বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা উপেক্ষা করে মাঠে নামানো বালাগানের উপস্থিতিও যুক্তরাষ্ট্রকে জেতাতে পারেনি৷ উল্টো প্রতিবাদে রুপ নেয়া ম্যাচটি যেন শক্তিতে পরিনত করলো বেলজিয়াম৷ যুক্তরাষ্ট্রকে রীতিমতো উড়িয়ে দিল৷ বড় ব্যবধানের জয়ে শেষ আট নিশ্চিত করল ইউরোপের দলটি৷
আজ সিয়াটল স্টেডিয়ামে বিশ্বকাপের নকআউট পর্বের এই ম্যাচে রুডি গার্সিয়ার দল মাঠ ছাড়ে ৪-১ ব্যবধানের জয় নিয়ে। বেলজিয়ামের এই দাপুটে জয়ের নায়ক আতালান্তা ফরোয়ার্ড চার্লস ডি কেটেলিয়ারে, যিনি জোড়া গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও এক গোল। অন্যদিকে তুমুল আলোচনা সৃষ্টি করে একাদশে জায়গা পাওয়া বালোগান পুরো ম্যাচেই ছিলেন চেনা ছন্দের বাইরে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পশরা সাজায় বেলজিয়াম। যার ফল মিলতে বেশি সময় লাগেনি। ম্যাচের মাত্র ৯ মিনিটে নিকোলাস রাস্কিনের চমৎকার পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে বেলজিয়ামকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন চার্লস ডি কেটেলিয়ারে। শুরুর এই ধাক্কা সামলে ওঠার আগেই ২১ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় বেলজিয়ান মিডফিল্ডার আমাদু ওনানাকে, ‘তার’ পরিবর্তে মাঠে নামেন হ্যান্স ভানাকেন।
খেলার ধারার বিপরীতে ৩১ মিনিটে সমতায় ফেরে স্বাগতিক যুক্তরাষ্ট্র। বক্সের বাইরে থেকে মালিক টিলম্যানের নেওয়া একটি জোরালো ফ্রি-কিক ভানাকেনের মাথায় সামান্য দিক পরিবর্তন করে বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে ফাঁকি দিয়ে জালে জড়ায়। তবে মার্কিন শিবিরের এই উদযাপনের স্থায়িত্ব ছিল মাত্র দুই মিনিট। ৩৩ মিনিটে লিয়েনড্রো ট্রোসার্ডের চমৎকার ক্রস থেকে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোলটি করে বেলজিয়ামকে আবার ২-১ ব্যবধানে এগিয়ে দেন ডি কেটেলিয়ারে। ১৯৬৬ সালের পর প্রথম বেলজিয়ান খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে সরাসরি তিন গোলে অবদান রাখার অনন্য রেকর্ডও গড়েন তিনি।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে জিয়োভান্নি রেইনাকে মাঠে নামান মার্কিন কোচ পচেত্তিনো। তবে ৫৭ মিনিটে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ফ্রিসের এক মারাত্মক ভুলে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। বল ক্লিয়ার করতে ফ্রিস বক্সের অনেক বাইরে চলে আসলে ‘তাকে’ বাধা দেন ডি কেটেলিয়ারে। সেই আলগা বল পেয়ে প্রায় ৩৫ গজ দূর থেকে ফাঁকা পোস্টে শট নেন হ্যান্স ভানাকেন। মার্কিন ডিফেন্ডার টিম রিম মরিয়া চেষ্টা করেও বলের জাল ছোঁয়া আটকাতে পারেননি। ভানাকেনের এই গোলটি চলতি ২০২৬ বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে দূরপাল্লার গোল।
৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে অল-আউট আক্রমণে যায় যুক্তরাষ্ট্র। তবে ওয়েস্টন ম্যাককেনি কিংবা বালোগানের প্রচেষ্টাগুলো নসাৎ করে দেন বেলজিয়ান ডিফেন্ডাররা। উল্টো ম্যাচের শেষ দিকে যুক্তরাষ্ট্রের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে (৯০+৩’) হ্যান্স ভানাকেনের অ্যাসিস্ট থেকে বল পেয়ে বাম পায়ের নিখুঁত শটে গোল করেন এই তারকা স্ট্রাইকার।
কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন স্পেন।



















