দেশে যুক্ত হচ্ছে তিন নতুন উপজেলা ও একটি থানা
- আপডেট সময় : ০৩:০০:১২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ৪৫ বার পড়া হয়েছে
প্রশাসনিক সেবা জনগণের আরও দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এসব উপজেলা ও থানা অনুমোদন হয়। এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
নিকারের অনুমোদন অনুযায়ী, নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের পাগলা। পাশাপাশি চট্টগ্রামে হালদা নামে একটি নতুন থানা গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই প্রশাসনিক ইউনিটগুলো কার্যকর হলে দেশের মোট উপজেলার সংখ্যা বেড়ে হবে ৪৯৮ এবং থানার সংখ্যা দাঁড়াবে ৬৪০।

সরকারি সূত্র জানায়, সংশ্লিষ্ট এলাকাগুলো দীর্ঘদিন ধরে আয়তন, জনসংখ্যা এবং প্রশাসনিক কার্যক্রমের চাপ বিবেচনায় পৃথক উপজেলা ও থানা গঠনের দাবি জানিয়ে আসছিল। নতুন প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার ফলে সাধারণ মানুষের জন্য ভূমি, আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন সেবা আরও দ্রুত ও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।
নতুন উপজেলা গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার ইউনিয়নসমূহের প্রশাসনিক পুনর্বিন্যাস করা হবে। একই সঙ্গে নতুন থানা প্রতিষ্ঠার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জরুরি সেবার কার্যক্রম আরও কার্যকর হবে বলে মনে করছে সরকার। প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে সেবাগ্রহীতাদের জেলা বা উপজেলা সদর পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার প্রয়োজনও কমে আসবে।
তারেক রহমানের সভাপতিত্বে নিকার এই বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।











