হালান্ডের জোড়া গোলে নরওয়ে নক আউটে নরওয়ে
- আপডেট সময় : ০৮:১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ৪০ বার পড়া হয়েছে
একই রাতে দুই জোড়া গোল। একটি মেসির, অন্যটি হালান্ডের। মেসি নিজেকে তুলেছেন রেকর্ডের খাতায়। আর হালান্ড তার দল নরওয়েকে ২৮ বছর পর তুললেন নক আউট পর্বে। তবে তুমুল লড়াই করেছিলেন আফ্রিকান লায়ন সেনেগাল। কিন্তু হালান্ডের কৃতিত্বে শেষ ৩-২ গোলে হেরে যায় সেনেগাল। হালান্ড কৃতিত্বে দুই ম্যাচের দু’টিতেই জয় পেয়ে নরওয়ে পৌছে যায় নক আউটে।
অথচ ম্যাচের নিয়ন্ত্রণ থেকে শুরু করে টোটাল শট, সবকিছুতেই এগিয়ে ছিল সেনেগাল। পিছিয়ে পড়েছে শুধু সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলের হিসাবেই। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার ঠিক আগে সেনেগালের কালিদু কুলিবালি বল ক্লিয়ার করতে গিয়ে গড়বড় করে ফেললে বল পান মার্কাস পেডারসেন। বক্সের ভেতর থেকে গোলরক্ষক এডুয়ার্ডো মেন্ডিকে সহজেই পরাস্ত করেন এই বদলি খেলোয়াড়।
বিরতি থেকে ফিরেই হালান্ড ধরা দিয়েছেন চেনা রূপে। ৪৮ মিনিটে মার্টিন ওডেগার্ডের থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে ম্যাচে নিজের প্রথম ও নরওয়ের দ্বিতীয় গোলটি করেন তিনি। সেনেগাল অবশ্য ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি। মানের ডিফেন্সচেরা পাস থেকে ৫৩ মিনিটে বল পেয়ে একটি গোল শোধ দেন ইসমাইলা সার।
সেনেগালের ম্যাচে ফেরার আশা অনেকটাই নিভে যায় পাঁচ মিনিট পর। আবারও বল ক্লিয়ার করতে ব্যর্থ আফ্রিকান দেশটি, আবারও সেটির ফায়দা তুলেন হালান্ড। এবারের বিশ্বকাপে নিজের চতুর্থ গোলটি আদায় করে নেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার।
ম্যাচের শেষদিকে স্টপেজ টাইমে নিকোলাস জ্যাকসনের অ্যাসিস্টে আরেকটি গোল শোধ দেন ইসমাইলা সার। কিন্তু শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি সেনেগালের জন্য।
জাতীয় দলের হয়ে এই নিয়ে ৫২ ম্যাচে ৫৯ গোল হলো হালান্ডের। তার এমন পারফরম্যান্সে ভর করে বিশ্বকাপে প্রথমবারের মতো টানা দুটি ম্যাচ জিতলো স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।
‘আই’ গ্রুপ থেকে ইতোমধ্যে ফ্রান্স ও নরওয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে। গ্রুপের শেষ ম্যাচে শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবেন সময়ের সেরা দুই গোলস্কোরার এমবাপে ও হালান্ড।





















