ফেড.কাপের ফাইনালে বসুন্ধরার প্রতিপক্ষ মোহামেডান
- আপডেট সময় : ০৭:৪৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ৪২ বার পড়া হয়েছে
ব্রাদার্সকে হারিয়ে অবশেষে ফেডারেশন কাপের ফা্ইনালে উঠেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোটিং ক্লাব। আগামী মঙ্গলবার বসুন্ধরা কিংসের বিপক্ষে ট্রফি জয়ের লড়াইয়ে মাঠে নামবেন সাদা-কালো জার্সিধারীরা। দূর্দিনে এটিই যেন মোহামেডানের জন্য এক বড় প্রাপ্তি। স্বস্তির নিশ্বাস ফেলছেন ক্লাব কর্মকর্তারা। আজ কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তাদের এই স্বস্তি এনে দেন সৌরভ দেওয়ান। তার জোড়া গোলেই ব্রাদার্সকে ২-১ গোলে পরাজিত করে মোহামেডান। দুই অর্ধে সৌরভ এই দুটি গোল করেন। এর ফলে এক মওসুম পর মোহামেডান আবারো ফেডারেশন কাপের ফাইনালে উঠলো।
৩৮ মিনিটে ডান দিক থেকে রহমত মিয়ার থ্রো এলি কেকে’র মাথা হয়ে বল চলে যায় সৌরভ রাজুর কাছে। তিনিও হেডে বল পাঠিয়ে দেন জালে। দ্বিতীয়ার্ধে ব্রাদার্স বেশ চড়াও হয়েই খেলতে থাকে। ৭৪ মিনিটে ফ্রি-কিক থেকে জামাল ভূঁইয়া লক্ষ্যভেদ করলে সমতায় ফেরে ব্রাদার্স। এটি জামাল ভূঁইয়ার এই মৌসুমের প্রথম গোল।
এক পর্যায়ে মনে হয়েছিল ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াচ্ছে। ইনজুরি সময়ের শেষ মিনিটে মোহামেডান কর্নার পায় এবং সেই সুযোগ কাজে লাগিয়ে আবার এগিয়ে যায় সাদাকালোরা। ডান দিক থেকে মুজাফফরভের নেওয়া কর্নার কিক ব্রাদার্সের এক ডিফেন্ডার ক্লিয়ারের চেষ্টা করলে বল পেয়ে যান মোহামেডানের আক্রমণভাগের এক খেলোয়াড়। তিনি বলটি বুক দিয়ে ঠেলে দেন সৌরভ দেওয়ানের কাছে। তিনি দেখেশুনে গোল করে দ্বিতীয়বার দলকে লিড এনে দেন। বাকি সময় ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
২০০৫ সালের পর ব্রাদার্স আর কখনো ফেডারেশন কাপের ফাইনালে উঠতে পারেনি। মোহামেডানের বিপক্ষে সমতায় ফেরার পর মনে হয়েছিল তাদের সামনে দীর্ঘ সময় পর ফাইনালে খেলার সুযোগ তৈরি হয়েছে। তবে সৌরভ দেওয়ান নামের এত তরুণ ফরোয়ার্ডের কাছে হারতে হয়েছে কমলা জার্সিধারীদের।
আগামী মঙ্গলবার ফাইনালে মুখোমুখি হবে মোহামেডান ও বসুন্ধরা কিংস।



















