এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনের পরীক্ষায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৪:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ৪২ বার পড়া হয়েছে
সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথমদিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং নকল-অনিয়মের তেমন ঘটনা না ঘটায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ মঙ্গলবার ২১ এপ্রিল শিক্ষামন্ত্রী বলেন, আজকের এসএসসি পরীক্ষা সুন্দর হয়েছে। আমি নিজে কয়েকটি কেন্দ্রে গেছি, সিসি ক্যামেরায় দেখেছি। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসেরও কোনো ঘটনা নেই। আগামীতে এ ধরনের সুযোগ দেওয়া হবে না।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টার পর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষা-পরবর্তী সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মানিকগঞ্জে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমি কয়েকটি কেন্দ্রে গিয়েছিলাম, ওই এলাকার জনগণ তারাও এ পরীক্ষায় সহযেগিতার জন্য অংশ নিয়েছেন। পরীক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রগুলোতে পরীক্ষা সুন্দর হয়েছে। এবারের পরীক্ষা সুন্দর হবে, এটা জাতি আগেই জেনেছে। কারণ আমরা সবাইকে সচেতন করেছি। অনৈতিকপন্থা পরিহার করতে অনুরোধ জানিয়ে এসেছি।
পরীক্ষাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশনার বিষয়ে তিনি বলেন, পরীক্ষার প্রতিটি কেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ সাতদিন সংরক্ষণের নির্দেশ দিয়েছি। প্রয়োজনে সেগুলো আবারও যাচাই করে দেখা হবে।
পরীক্ষাকেন্দ্রে বিভিন্ন ভুল সিদ্ধান্ত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহছানুল হক মিল বলেন, কেন্দ্রসচিবরা হলেন পরীক্ষার্থীদের অভিভাবক। শিক্ষার্থীদের কোনো ভুল হলে সেটা কীভাবে সামাল দেবেন এটা তাদের জানার কথা এবং জানেনও। শিক্ষকদের এ ধরনের ট্রেনিং আছে।





















