শুক্রবার শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ, ম্যাচের আগেই কিউই অধিনায়কের হুঙ্কার
- আপডেট সময় : ০৮:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ৪৪ বার পড়া হয়েছে
আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে। মাঠে নামার আগেই অতিথি দলের অধিনায়ক টম ল্যাথামের হুঙ্কার, সিরিজ জিতেই এসেছেন তারা বাংলাদেশে। যদিও দলটিতে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে।
এর আগে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল কিউইরা। সেই সিরিজে ২-০ ব্যবধানে জয় পায় ল্যাথামের দল।
এবারও জিততে পারবেন কিনা প্রশ্নে ল্যাথাম বলেন, ‘অবশ্যই সেটাই (সিরিজ জয়) আমাদের লক্ষ্য। আমরা এখানে সিরিজ জিততে এসেছি। তবে সেই জায়গায় পৌঁছাতে অনেক কাজ করতে হবে। আমাদের দলে কিছু খেলোয়াড় আছে যারা এই কন্ডিশনে কম অভিজ্ঞ। কিন্তু বাংলাদেশে খেলতে খেলতে তারা অভিজ্ঞতা অর্জন করবে, যা আমাদের জন্য ভালো হবে।’
তিনি আরও বলেন,’আমরা যদি ম্যাচ ধরে ধরে শিখতে ও উন্নতি করতে পারি, তাহলে সিরিজের শেষ দিকে নিজেদের সুযোগ তৈরি করতে পারব। দলে যখন অভিজ্ঞতা কম থাকে, তখন আমার মতো যারা কিছুটা বেশি খেলেছি তাদের দায়িত্ব হয় অন্যদের যতটা সম্ভব অভিজ্ঞতা ও জ্ঞান ভাগ করে দেওয়া। পরিকল্পনা, অনুশীলন ও প্রস্তুতি থাকবে, তবে ম্যাচে নেমে সামনে যা আসবে সেটার সঙ্গে মানিয়ে নেওয়াই গুরুত্বপূর্ণ।’
ল্যাথাম, চাপম্যানরা আগে বাংলাদেশে খেলেছেন। ভারতের বিপক্ষে গেলো সিরিজেও খেলা অনেকেই আছেন এই দলে। তারা বাকিদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করছেন, ‘আমাদের দলে এমন কিছু খেলোয়াড় আছে যারা আগে বাংলাদেশে খেলেছে, আবার উপমহাদেশেও খেলেছে। তাই আমরা চেষ্টা করছি যত বেশি সম্ভব খেলোয়াড়কে এই ধরনের কন্ডিশনে অভিজ্ঞতা দিতে। এটা ভবিষ্যতে নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য আমাদের স্কোয়াড ডেপথ বাড়াতে সাহায্য করবে।’
বাংলাদেশের বিপক্ষে ল্যাথামের ব্যক্তিগত রেকর্ড দুর্দান্ত। ওয়ানডেতে সাতটি ম্যাচ খেলেছেন, দুটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি আছে। বাংলাদেশে খেলতে স্বাচ্ছ্যন্দ্য বোধ করেন কিনা প্রশ্নে এই বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘সত্যি বলতে আমি নিশ্চিত নই। বাংলাদেশে খুব বেশি ওয়ানডে খেলিনি। তবে এই কন্ডিশনে বাংলাদেশ অবশ্যই একটি শক্তিশালী দল। আমার দিক থেকে প্রস্তুতি একই থাকে- প্রতিপক্ষ বাংলাদেশ হোক বা অন্য কোনো দল। আমার লক্ষ্য থাকে দলের জন্য নিজের ভূমিকা যতটা সম্ভব ভালোভাবে পালন করা।’
আত্মবিশ্বাসী হলেও পাকিস্তানের বিপক্ষে গেলো মাসে বাংলাদেশের সিরিজ জয়ও মাথায় রাখছেন ল্যাথাম, ‘কন্ডিশন আলাদা, আর এখানে কয়েক বছর খেলিনি। তাই বাংলাদেশে খেলার সুযোগ পেয়ে আমরা খুবই রোমাঞ্চিত। গত মাসে তারা পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জিতেছে, তাই তারা অবশ্যই কঠিন চ্যালেঞ্জ হবে এবং সবাই এই চ্যালেঞ্জের অপেক্ষায় আছে।’



















