আইনমন্ত্রী বললেন, জুলাই সনদের সঙ্গে গণভোট বাতিল হওয়ার কোনও সম্পর্ক নেই
- আপডেট সময় : ১০:১৮:০২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ১২২ বার পড়া হয়েছে
আইন বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রী মো. আসাদ্দুজ্জাামান বলেন, জুলাই সনদের সঙ্গে গণভোট বাতিল হওয়ার কোন সম্পর্ক নেই। শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খালখনন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, জুলাই সদন বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, সক্রিয় এবং কার্যকরী। জুলাই সনদ কার্যকর করতে পারবে এই পার্লামেন্ট। জুলাই সনদ কীভাবে কার্যকর হবে সেটাও জুলাই সনদের মধ্যেই বলে দেয়া আছে। সুতরাং জুলাই সনদের সঙ্গে গণভোটের বাতিল হওয়া না হওয়ার কোনও সম্পর্ক নেই। এটা আমরা পার্লামেন্টে সুস্পষ্টভাবে বলেছি।
তিনি আরও বলেন, তেলের দাম বৃদ্ধি করা হয়নি। যদি কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তাহলে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুমদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
বিশেষ অতিথি বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশকে বাঁচাতে হলে খাল-নদীখনন ও দখল উচ্ছেদের বিকল্প নেই। যে যত বড়ই শক্তিশালী হোক না কেন খাল জলাশয় ও নদী দখলমুক্ত করে খনন করা হবে।
আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচীতে অংশ নিবেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদ, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজালসহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।














