ইসরায়েলি সেনাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরিকল্পনা
- আপডেট সময় : ০৭:৪১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
- / ৩৯৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কুখ্যাত ইউনিট নেতজাহ ইয়েহুদার ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে আমেরিকা। মার্কিন এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে ইসরায়েল। দেশটি বলছে, সেনাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে চূড়ান্ত সীমা অতিক্রম করা। ভারতীয় বার্তা সংস্থা আইএনএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিমতীরে ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার দায়ে নেতজাহ ইয়েহুদার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে আমেরিকা।
এ প্রসঙ্গে শনিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আইডিএফের ওপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত হবে না। আমাদের সৈন্যরা সন্ত্রাসী দানবদের সঙ্গে লড়াই করছে।’
ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গভির এবং বেজালেল স্মোট্রিচও মার্কিন পরিকল্পনার নিন্দা করেছেন। গভির বলেন, ‘আমাদের সেনাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে চূড়ান্ত সীমা অতিক্রম করা।’
তিনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকেও মার্কিন আদেশের সামনে নতি স্বীকার না করার জন্য আহ্বান জানিয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে ইসরায়েলের অর্থমন্ত্রী বলেন, এটি একটি পরিকল্পিত পদক্ষেপের অংশ যাতে ইসরায়েল রাষ্ট্রকে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মত হতে এবং ইসরায়েলের নিরাপত্তা ত্যাগ করতে বাধ্য করা যায়।























