চাঁদাবাজি ও গণছিনতাই রোধের দাবিতে আদাবর থানা ঘেরাও করেছে ব্যবসায়ী-জনতা
- আপডেট সময় : ০১:১৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩৭১ বার পড়া হয়েছে
চাঁদাবাজি ও গণছিনতাই রোধের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানা ঘেরাও করেছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে চাঁদাবাজি ও গণছিনতাইয়ের প্রতিকার চেয়ে থানা ঘেরাওয়ের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা।
জানা গেছে, শনিবার সন্ধ্যার পর আদাবরে চাঁদার জন্য এমব্রয়ডারি মালিক ও শ্রমিকদের কুপিয়ে আহত করে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনার বিচার চাওয়ার পাশাপাশি চাঁদাবাজি ও গণছিনতাই প্রতিরোধের দাবিতে ভুক্তভোগীসহ স্থানীয়রা রাতে আদাবর থানা ঘেরাও করেন।
এ ঘটনায় রাত সাড়ে ১২টার দিকেও ব্যবসায়ী ও জনতার থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি চলছিল। এ সময় নানা স্লোগান দিতেও দেখা যায় তাদের।
এদিকে থানা ঘেরাও করে বিক্ষোভের বিষয়ে শনিবার রাত পৌনে ১টার দিকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন মোহাম্মদপুরের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, আদাবরে চাঁদার জন্য এমব্রয়ডারি মালিক ও শ্রমিকদের কুপিয়ে আহত করার ঘটনার তদন্ত করছে পুলিশ। অপরাধী যারাই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।






















