আদালতে ওসমান হাদি হত্যার দায় স্বীকার করেছে রুবেল
- আপডেট সময় : ০৬:৪৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬৬ বার পড়া হয়েছে
দুই দফায় রিমান্ড শেষে আদালতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার দায় স্বীকার করেছে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ট সহযোগী রুবেল আহমেদ। আজ আদালতে তার জবানবন্দিতে তিনি এই হত্যার দায় স্বীকার করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) দায় স্বীকার করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন তিনি।
এর আগে গত ২১ জানুয়ারি রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে রুবেল আহমেদকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন ২২ জানুয়ারি আদালতে হাজির করে তাকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঁঞা।
ওইদিন রিমান্ড আবেদনে বলা হয়, আসামি মো. রুবেল আহমেদ এজাহারনামীয় আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের ঘনিষ্ঠ সহযোগী। আসামির নাম ঠিকানা যাচাই-বাছাই চলছে। মামলার মূল রহস্য উদ্ঘাটন, সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন। একপর্যায়ে শুনানি শেষে ওইদিন বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রুবেলের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরবর্তীতে রিমান্ড শেষে হাজির করা হলে গত ২৮ জানুয়ারি আদালত দ্বিতীয় দফায় রুবেলের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সবশেষ রোববার জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, শরিফ ওসমান বিন হাদি অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনৈতিক-সাংস্কৃতিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে হাদিকে গুলি করে পালিয়ে যায়। এতে মাথা ও ডান কানের নিচের অংশে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখমপ্রাপ্ত হন তিনি।













