‘আমার বক্তব্য ভুলভাবে গণমাধ্যমে উপস্থাপন করা হচ্ছে‘
- আপডেট সময় : ০৯:১৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ১৮৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক কোনো মামলা হলে তা তুলে নেওয়া নিয়ে দেওয়া বক্তব্য গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অর্থাৎ গণমাধ্যমে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় দলের সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর সই করা এক বিবৃতিতে এই অভিযোগ করেন মির্জা ফখরুল।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আজ ১১ নভেম্বর বিকেলে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেওয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, আমি আমার বক্তব্যে বলেছি যে, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেওয়া বক্তব্যে আরও বলেছি যে, এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেবো। কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দেইনি।
বিবৃতিতে মির্জা ফখরুল দেশের জনগণ ও দলের সব পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।




















