ঋতুপর্ণাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষনা ক্রীড়া উপদেষ্টার
- আপডেট সময় : ০৯:১৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ২৮৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের মতো ভারতীয় দলও এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠেছে। ভারতীয় ফুটবল ফেডারেশন সে উল্লাসে ফুটবলারদের অর্ধকোটি টাকা পুরস্কার ঘোষনা করে। কিন্তু তারও আগে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ঠাই করে নেয়। মধ্যরাতে সংবর্ধনা দেয়া ছাড়া ফুটবল ফেডারেশন এখনো পর্যন্ত বিরল এই অর্জনে কোন পুরস্কার ঘোষনা করে নি।
তাদের নিরবতায় ফুটবল অনুরাগীদের মধ্য ছুটে আসে নানান সমালোচনা। তবে বাফুফে কোন ঘোষনা না দিলেও দেশের ক্রীড়াঙ্গনের অভিবাবক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বসে থাকেন নি। তিনি নারী ফুটবলারদের জন্য পুরস্কার হিসেবে ৫০ লাখ টাকা প্রদানে ঘোষনা করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে আজ রাতে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর দিন বাফুফে ভবনে উপদেষ্টা এক কোটি পুরস্কার ঘোষণা করেন। এক সপ্তাহের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ ফুটবলারদের সেই অর্থ প্রদান করে।
যুব ও ক্রীড়া উপদেষ্টা এশিয়া কাপ নিশ্চিত করার পর অর্ধ কোটি টাকা বোনাস ঘোষণা করলেন। বাফুফে গতকাল হাতিরঝিলে গভীররাতে সংবর্ধনা দিলেও আর্থিক কোনো ঘোষণা আসেনি। নতুন পুরস্কার ঘোষণা তো দূরের কথা, সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ঘোষিত দেড় কোটি টাকা এখনো দিতে পারেনি ফেডারেশন কর্তারা। অথচ ফেডারেশনের কর্তারা (বিশেষ করে একজন সহ-সভাপতি) শুধু মিডিয়ায় আধুনিকতা, পেশাদারিত্বর বুলি আওড়ান!
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দায়িত্ব নেয়ার পর ক্রীড়াঙ্গনে সাফল্য আসলে তিনি তাৎক্ষণিক পুরস্কার ঘোষণা করেন। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব-২১ হকি দল বিশ্বকাপে নিশ্চিত, নারী সাফ চ্যাম্পিয়ন, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে ক্রীড়াবিদদের।




















