রবি বোলার হান্টে বেরিয়ে এলো দেশের ২১ উদীয়মান বোলার
- আপডেট সময় : ১০:১৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ৪৭ বার পড়া হয়েছে
দীর্ঘ ৮ বছর পর দেশজুড়ে আয়োজিত ঐতিহ্যবাহী ‘রবি বোলার হান্ট’-এর পর্দা নামল। দেশব্যাপী ২৫ হাজারের বেশি প্রতিযোগীর মধ্য থেকে প্রতিভা ও দক্ষতার স্বাক্ষর রেখে অবশেষে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন ২১ জন উদীয়মান বোলার। পাশাপাশি বয়সসীমার শর্ত শিথিল করে বিশেষ প্রতিভার স্বীকৃতি হিসেবে দুই খুদে স্পিনারকেও সম্মানিত করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। বিজয়ী ২১ জনের মধ্যে ৪ জন নারী বোলারও রয়েছেন। সমাপনী অনুষ্ঠানে আকর্ষণীয় ভিডিও চিত্র প্রদর্শনের পাশাপাশি ছিল ফায়ার শো, আতশবাজিসহ নানা আয়োজন।
গত ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের পর ২৭ সেপ্টেম্বর সিলেটে দেশের ৯টি ভেন্যুতে শুরু হয় প্রাথমিক ট্রায়াল। সারা দেশ থেকে আসা বিপুল আবেদন থেকে বাছাই করা ১৪৩ জন বোলার (১০৮ পুরুষ ও ৩৫ নারী) ঢাকায় জাতীয় পর্যায়ের দুই ধাপের চূড়ান্ত ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ পান। তাদের মধ্যে ৫৭ জন ছিলেন পেসার, ৮৬ জন স্পিনার। সেখানে দক্ষতা ও পারফরম্যান্স মূল্যায়নের পর ২১ জনকে চূড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।
প্রতিযোগিতার ট্রায়াল ও মূল্যায়নে বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, এইচপির প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন, বিসিবির কোচ কোরি কলিমোর এবং দিপু রায় চৌধুরী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল খান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী, রবি আজিয়াটা পিএলসি’র হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, নির্বাচিত এই বোলারদের ভবিষ্যৎ দায়িত্ব এখন ক্রিকেট বোর্ডের। তিনি বলেন, ‘বিসিবির তরফ থেকে এটাই বলতে চাই, ওদের দায়িত্ব এখন আমার। আমাদের এইচপি ইউনিটের তত্ত্বাবধানে তারা থাকবে, তাদেরকে গ্রুম করা হবে। ওরা যেন বাংলাদেশ ক্রিকেটকে আরো অনেক বেশি সার্ভিস দিতে পারে। আমরা নিশ্চিত করব, তাদেরকে যেন ভালোভাবে দেখভাল করা হয়। আশা করি তাদেরকে কোনো প্লাটফর্ম দিতে পারব. যেখানে তারা পারফরম্যান্সটা দেখাতে পারবে।’
বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের একটি বিশেষ উইং থাকবে তাদেরকে নির্বাচিত এই বোলারদের দেখভালের জন্য। মেডিকেল পরীক্ষাসহ কয়েকটি ধাপের মধ্যে দিয়ে যেতে হবে এই বোলারদের। প্রশিক্ষণের বিভিন্ন ধাপ পেরিয়ে যারা পরবর্তী পর্যায়ের ক্রিকেটের উপযোগী ও সম্ভাবনাময় হিসেবে নিজেদের তুলে ধরতে পারবেন, তাদেরকে বিসিবি মূল এইচপি কার্যক্রমের অংশ করে নেওয়া হবে।
এই বোলার হান্টে সর্বোচ্চ কিলোমিটা গতিতে বল করে সাড়া ফেলে দেওয়া আবিদকে এর মধ্যে দলে নিয়েছে ডি থ্রি ট্রফির ফ্র্যাঞ্চাইজি একমি গ্রুপ। এজন্য তাদেরকে বিশেষ ধন্যবাদ জানান তামিম। বিসিবির আরেকটি বড় উদ্যোগের ঘোষণাও শিগগির আসবে বলে জানালেন বোর্ড প্রধান, ‘যদিও আমরা এখনও পুরোপুরি প্রস্তুত নই, তবে এমন একটি উদ্যোগের খুব কাছাকাছি আমরা আছি, দেশজুড়ে অসংখ্য ক্রিকেটারের জন্য যা সত্যিই সহায়ক হবে। আমি ও আমার ক্রিকেট বোর্ড এমন একটি প্রজেক্ট নিয়ে কাজ করছি, যেটা কয়েক সপ্তাহের মধ্যে আমরা ঘোষণা করব, সেটি নিয়ে আমি খুবই রোমাঞ্চিত ও আশাবাদী যে, দেশজুড়ে অনেক ক্রিকেটারকে তাদেরকে গ্রুমিং করা, তাদেরকে আরও ভালো অবস্থায় নিয়ে আসতে সহায়ক হবে।’
রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও জিয়াদ সাতারা বলেন, ‘রবি বোলার হান্ট বাংলাদেশের তরুণ প্রতিভাদের জন্য অর্থবহ সুযোগ তৈরিতে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, প্রতিভা যেকোনো জায়গা থেকেই উঠে আসতে পারে। এ ধরনের উদ্যোগ সম্ভাবনাময় ক্রিকেটারদের নিজেদের দক্ষতা তুলে ধরার এবং স্বপ্নপূরণের পথে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নয়নে অবদান রাখা এবং বাংলাদেশের পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করাই রবির লক্ষ্য।’
রবি আজিয়াটা পিএলসি’র হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী বলেন, ‘রবি বোলার হান্ট সম্ভাবনাময় বোলারদের জন্য সুযোগ তৈরিতে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এই আয়োজন আরও অনেক তরুণকে ক্রিকেটে এগিয়ে আসতে এবং নিজেদের প্রতিভা বিকাশে অনুপ্রাণিত করবে।’
অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল ৯ বছর বয়সী ব্যতিক্রমী অ্যাকশনের বাঁহাতি রিস্ট স্পিনার সাইফ এবং ১২ বছর বয়সী বাঁহাতি স্পিনার শোয়েব। নির্ধারিত বয়সসীমা (১৬ বছর) না থাকলেও অনন্য প্রতিভার বিচারে তাঁদের দুজনকে বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, এর আগের আসরগুলো থেকে এবাদত হোসেন ও রিশাদ হোসেনের মতো তারকা ক্রিকেটারদের খুঁজে পেয়েছিল বিসিবি ও রবি। নির্বাচিত নতুন এই ২১ জন বোলারকেও এখন মেডিকেল পরীক্ষা ও ধারাবাহিক প্রশিক্ষণের মধ্য দিয়ে বিসিবির মূল এইচপি কাঠামোতে যুক্ত করা হবে।















