শুরু এবার ইউরোপীয়ান ক্লাব ফুটবল, প্রথম ম্যাচেই মুখোমুখি পিএসজি-ভিলা
- আপডেট সময় : ০৬:৪১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ৪৪ বার পড়া হয়েছে
মাত্র শেষ হলো শো অন দ্যা আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ৷ সে উন্মাদনার রেস শেষ না হতেই শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের লড়াই।
প্রথম দিনেই মুখোমুখি হচ্ছে শিরোপার লড়াইয়ে। উয়েফা সুপার কাপের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা।
আজ বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় জার্মানির সলজবুর্গের রেড বুল অ্যারেনায় মুখোমুখি হবে দুই দল।
রিয়াল মাদ্রিদের পর আধুনিক যুগে মাত্র দ্বিতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার সুপার কাপ জয়ের মিশনে নামছে পিএসজি। গত বছর পেনাল্টি শুটআউটে টটেনহ্যামকে হারিয়ে এই ট্রফি জিতেছিল ফরাসি জায়ান্টরা। এর আগে টানা দুটি সুপার কাপ জেতার কৃতিত্ব দেখিয়েছিল কেবল আয়াক্স, এসি মিলান ও রিয়াল মাদ্রিদ। ম্যাচটি জিতলে পিএসজি কোচ লুইস এনরিকের কোচিং ক্যারিয়ারে এটি হবে ১৩তম শিরোপা।
অন্যদিকে, এর আগে কোচ হিসেবে খেলা তিনবারই সুপার কাপের ফাইনালে হেরেছেন ভিলা কোচ উনাই এমেরি। আর লুইস এনরিকে অংশ নেওয়া দুটি ফাইনালের দুটিতেই জয়ী হয়েছেন।
ইতিহাস বলছে, এটি অ্যাস্টন ভিলার দ্বিতীয় সুপার কাপ ফাইনাল। এর আগে ১৯৮৩ সালে প্রথমবার এই টুর্নামেন্টে খেলে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছিল ইংলিশ ক্লাবটি। আর পিএসজির এটি তৃতীয় সুপার কাপ। গত বছর জয়ের স্বাদ পাওয়ার আগে ১৯৯৭ সালে জুভেন্টাসের কাছে বড় ব্যবধানে হেরেছিল তারা।
এদিকে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবারের সুপার কাপের আকর্ষণের বড় একটি কেন্দ্রবিন্দু রেফারি ওমর আর্তান। সোমালিয়ার এই রেফারিকে নিয়ে সম্প্রতি কম বিতর্ক হয়নি। বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছিল মার্কিন কর্তৃপক্ষ, যা নিয়ে বেশ ঝড় উঠেছিল।
তবে সেই বিতর্ক পেছনে ফেলে উয়েফা তাকে এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়ে সম্মানিত করেছে। এর মধ্য দিয়ে প্রথম সোমালি রেফারি হিসেবে কোনো উয়েফা ম্যাচ পরিচালনার ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি।























