ভাইরাল হওয়া প্রধান শিক্ষিকাকে চড়-ধাপ্পড়ের ঘটনায় মামলা, শিক্ষার্থীর মা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / ৪৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় একটি স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকাকে চড়-ধাপ্পড় মারার ঘটনা সংক্রান্ত মামলায় মিতালী খাতুন নামে এক অভিভাবককে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিতালী খাতুন ওই পাড়ার সামসউর রহমান শুভর স্ত্রী। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (৮ জুলাই) সকালে ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাবেশ চলার সময় কান মুচড়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে শাসন করেন প্রধান শিক্ষিকা কাবেরী করিম। বিষয়টি জানতে পেরে দুপুরে ওই ছাত্রীর অভিভাবক সামসউর রহমান শুভ ও তার স্ত্রী মিতালী খাতুন বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার কক্ষে যান। বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে কথোপকথনের এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষিাকার গালে চড়-ধাপ্পড় মারেন শুভ। যার ভিডিও ফুটেজ সোসাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।ওই রাতেই বাদী হয়ে থানায় মামলা করেন ওই প্রধান শিক্ষিকা।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে প্রধান শিক্ষিকা কাবেরী করিম থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন। মামলার দ্বিতীয় আসামি মিতালী খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার স্বামী মামলার ১নং আসামি শুভ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
























