আর্জেন্টিনার প্রতিপক্ষ এবার চমক দেখানো কেপ ভার্দে
- আপডেট সময় : ০৫:২৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ৪৬ বার পড়া হয়েছে
চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে শতভাগ সাফল্য বজায় রেখে নকআউট পর্ব নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বমঞ্চে ব্যাক-টু-ব্যাক শিরোপা জয়ের মিশনে থাকা লিওনেল মেসির দল এবার শেষ বত্রিশের (রাউন্ড অব ৩২) লড়াইয়ে মাঠে নামছে। যেখানে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক বা ‘সারপ্রাইজ প্যাকেজ’ আফ্রিকার দেশ কেপ ভার্দে।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আগামীকাল (শনিবার) ভোর ৪টায়। হয়তো জয়, নয়তো বিদায়—এমন সমীকরণকে সামনে রেখে মাঠে নামছে দুই দল।
ম্যাচটিতে আকর্ষণ হতে হচ্ছে গোলবার আগলে রাখা কেপ ভার্দের ৪০ বছরের গোল রক্ষক ভোজিনহা ও মহাতারকা লিওনেল মেসির দ্বৈরথ। স্পেনের বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে নায়ক বনে যাওয়া ভোজিনহা কি পারবেন আর্জেন্টিনা অধিনায়ককে রুখে দিতে? সেই উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।


কেপ ভার্দের গোল রক্ষক ভোজিনহো আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ
আর্জেন্টিনার একাদশে তিন ‘মধুর’ সমস্যা
নকআউট পর্বের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের লাইন-আপ সাজাতে গিয়ে তিনটি পজিশন নিয়ে বেশ মধুর সমস্যায় পড়েছেন আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে একাদশে ৯টি পরিবর্তন এনেছিলেন তিনি। তবে নকআউটে কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই চেনা ৪-৪-২ ফরমেশনে ফিরছে আর্জেন্টিনা।
১. বাঁ-দিকের রক্ষণভাগ (লেফট-ব্যাক): ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো। তবে তার অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলেছেন ফাকুন্দো মেদিনা। স্কালোনির প্রথম পছন্দ তাগলিয়াফিকো হলেও মেদিনার সাম্প্রতিক ফর্ম তাকে মধুর ভাবনায় ফেলেছে।
২. সেন্ট্রাল ডিফেন্স: ডান হাঁটুর ইনজুরির কারণে ক্রিস্টিয়ান রোমেরোর খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। রোমেরো যদি শতভাগ ফিট না হন, তবে লিসান্দ্রো মার্টিনেজের সঙ্গী হিসেবে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির একাদশে ফেরা নিশ্চিত।
৩. আক্রমণভাগ (সেন্টার ফরোয়ার্ড): জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল পেয়ে দারুণ উজ্জ্বীবিত লাউতারো মার্টিনেজ। তবে তাকে কড়া টক্কর দিচ্ছেন হুলিয়ান আলভারেজ। সাম্প্রতিক গোলের কারণে লাউতারো কিছুটা এগিয়ে থাকলেও স্কালোনি শেষ মুহূর্ত পর্যন্ত কার ওপর ভরসা রাখেন, সেটাই দেখার বিষয়।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো বা নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো বা ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, আলেক্সিস মাক অ্যালিস্টার, এঞ্জো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজ/হুলিয়ান আলভারেজ।
















