ইরানে নতুন করে হামলার হুমকি, যুক্তরাষ্ট্রকে সতর্ক রাশিয়ার
- আপডেট সময় : ১০:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ৪৬ বার পড়া হয়েছে
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার ইঙ্গিতসংবলিত খবরকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছে রাশিয়া। একইসঙ্গে ওয়াশিংটনকে সতর্ক করে মস্কো বলেছে, হামলা চালিয়ে ইরানি জনগণের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার সংকল্প ভাঙা যাবে না। এদিকে মধ্যপ্রাচ্যে হামলার হুমকি জোরালো হওয়ার মধ্যে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাইয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সোমবার (২ নভেম্বর) একথা বলেন। তিনি বলেন, রাশিয়া হরমুজ প্রণালিতে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার আশা করছে।
যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জাখারোভা বলেন, ‘গত কয়েক মাসের মর্মান্তিক অভিজ্ঞতা দেখিয়েছে যে ইরানে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চালানো সামরিক হামলা দেশটির সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় ইরানি জনগণের দৃঢ় সংকল্প ভাঙতে পারেনি। যারা আজ নতুন করে হামলার হুমকি দিচ্ছে, তাদের বিষয়টি বিবেচনায় নেয়া উচিত।’
তিনি আরও বলেন, কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা এবং শান্তি প্রক্রিয়ায় সহায়তাকারী মধ্যস্থতাকারীদের সমর্থন দেয়া অত্যন্ত জরুরি। মস্কো এ ক্ষেত্রে ‘পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা এবং পরবর্তী সময়ে তা বাস্তবায়নে’ অবদান রাখতে প্রস্তুত বলেও জানান তিনি।
জাখারোভা বলেন, ‘আমরা আশা করি, হরমুজ প্রণালিতে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। এ ক্ষেত্রে প্রণালির তীরবর্তী দেশগুলোর বৈধ স্বার্থ এবং বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি নির্বিঘ্ন ও নিরাপদে ব্যবহার করতে চাওয়া দেশগুলোর স্বার্থ যথাযথভাবে বিবেচনায় নিতে হবে। যুক্তরাষ্ট্রের অবৈধ নৌ অবরোধের মুখে থাকা ইরানের ক্ষেত্রেও এটি পুরোপুরি প্রযোজ্য।’
এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা জোরালো হয়ে ওঠার মধ্যেই ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাইয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ফার্স নিউজ এজেন্সির খবর অনুযায়ী, ফোনালাপে ইরানের প্রতি রাশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান রেজাই। এর মধ্যে ‘ইরানি জনগণের ধৈর্য ও সহনশীলতার প্রতি সমর্থন’ দেয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।













