২৯৯ আসনে মোট ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ, ২৯৬ আসনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষনা, স্থগিত তিন
- আপডেট সময় : ১২:৫১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪১ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে মোট ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তিনি বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৯৯টি আসনে গড়ে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ ভোটের হার নির্ধারণ করা হয়েছে। এই নির্বাচনে ২১১ আসনে জয়ী হয়েছে বিএনপি, ৭৭ আসনে জামায়াতে ইসলাম, স্বতন্ত্র ৭ এবং হাত পাখা ১টিতে জয় লাভ করেছে।
এর আগে, বেলা ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষনা করা হয়। ইসি সচিব আখতার আহমেদ সমাপনী বক্তব্যে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার কথা জানান। তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়।
উল্লেখ্য, গতকাল (১২ ফেব্রুয়ারি) শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ভোটের ফল ঘোষণা স্থগিত রাখার বিষয়ে তিনটি পৃথক চিঠি জারি করেছিল নির্বাচন কমিশন। ওই চিঠিগুলোতে বলা হয়েছিল, আদালতে মামলা চলমান থাকায় এসব আসনের ফল ঘোষণা করা হবে না। তবে এরই মধ্যে শেরপুর-২ আসনের ফল ঘোষণা করা হয়েছে। তবে আপাতত এই আসনের গেজেট না প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
চট্টগ্রাম-৪ (আসলাম চৌধুরী) ইসির জারি করা চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪১/২০২৬ (মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ হতে উদ্বৃত) এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের আলোকে নির্বাচনী এলাকা ২৮১, চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পারবেন। তবে ওই মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় কমিশন ফলাফল স্থগিতের সিদ্ধান্ত প্রদান করেছে।
চট্টগ্রাম-২ (সরোয়ার আলমগীর) একইভাবে চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের বিষয়ে জানানো হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪০/২০২৬ (রিট পিটিশন নং ১০৫৩/২০২৬ হতে উদ্বৃত) এর ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের প্রেক্ষিতে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত থাকবে বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে।
শেরপুর-২ (মোহাম্মদ ফাহিম চৌধুরী) এদিকে শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর বিষয়ে জারি করা চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪২/২০২৬ (রিট পিটিশন নং ১১৮৬/২০২৬ হতে উদ্বৃত) এর ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের আলোকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে ওই মামলার চূড়ান্ত আদেশের ওপরই মোহাম্মদ ফাহিম চৌধুরীর নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ভরশীল হবে মর্মে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।


















