উৎসব-উৎকন্ঠায় শেষ হলো ভোট গ্রহন, চলছে গণনা
- আপডেট সময় : ০৭:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বড় ধরনের কোন দূর্ঘটনা এবং রক্তস্নাত ছাড়াই সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোটগ্রহণের সময় শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।

এদিন সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও দশটার পর থেকে ভোটারদের ভিড় ব্যাপক হারে বাড়তে থাকে। এবারের ভোটে তরুণদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
বেলা সাড়ে তিনটা পর্যন্ত ঢাকার কোন কোন কেন্দ্রে ৫১ ভাগ, আবার কোন কোন কেন্দ্রে ৫২ ভাগ ভোট পড়তে শোনা যায় সংশ্লিষ্ট প্রিজাইটিং অফিসারদের কাছ থেকে। এদিকে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন বেলা দুইটা পর্যন্ত ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে। সচিব বলেন, দুপুর ২টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট কাস্টিং হয়েছে ৪৭.৯১ শতাংশ।
অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি জায়গায়।
সমন্বয় সেলের তথ্য বলছে, দুপুর ২টা পর্যন্ত দেশের সব কেন্দ্রের মধ্যে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে ১৪টি স্থানে। সারাদেশে বিভিন্ন প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৩৫ জায়গায়। দেশের সব কেন্দ্রের মধ্যে ৪৮৬টি ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।
এদিকে সারাদেশে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে তিনটি জায়গায়। ৬ জন প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। ৫৯টি জালভোট দেওয়ার ঘটনা ঘটেছে। ভোট দিতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ১৮টি। অগ্নিসংযোগের ঘটনা পাওয়া গেছে ৪টি স্থানে এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অবহেলার ঘটনা ঘটেছে ৩৩টি।

সারাদেশের প্রতিনিধিদের দেওয়া তথ্যে জানা গেছে, নওগাঁয় ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই নির্ধারিত রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দিয়ে রাখার অভিযোগে এক প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। এছাড়া কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের একটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর ব্যালট পেপার বাক্সে জমা না দিয়ে কেন্দ্রত্যাগের অভিযোগে শাহিন মালিথা (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।
অপরদিকে, চুয়াডাঙ্গা পৌর এলাকার একটি ভোটকেন্দ্রের পাশ থেকে নগদ ৭৯ হাজার ৩০০ টাকাসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করা হয়েছে। এছাড়া ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও সদরের আংশিক) সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে এজেন্টের ২৩টি স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দের ঘটনায় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জেসমিন আরাকে অপসারণ করা হয়েছে। এদিকে, ভোলা-১ সংসদীয় আসনের সদর আসনের একটি ভোটকেন্দ্রের পাশের মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক জামায়াত কর্মী আটক।
এবার সংসদ ভোটে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় (শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত)। এ নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়েছেন। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। মোট প্রার্থীর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৮৩ জন।
নির্বাচন পর্যবেক্ষণ করেছেন ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২২৩ জনসহ কমনওয়েলথ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি রয়েছেন। এছাড়া আল জাজিরা, বিবিসি, রয়টার্স ও এপির মতো নামকরা প্রতিষ্ঠানের ১৫০ জন সাংবাদিক সংবাদ সংগ্রহ করেছেন।
২০০৮ সালে নিবন্ধনপ্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবার ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।




















