নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে : ভারতীয় সাবেক হাইকমিশনার
- আপডেট সময় : ০৮:২৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ৬৮ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার আজ তৃতীয়দিন। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় বাকি দলগুলো ভোট যুদ্ধে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছেন। অন্যদিকে বিদেশ থেকে বিভিন্ন কুটনীতিকরা বাংলাদেশের নির্বাচনকে পরখ করছেন। বিশ্লেষণ করেছে নানা দিক থেকে। গত ক’দিন আগে ইউরোপী একটি মিডিয়ার জনমতে বিএনপি এবং জামায়াতকে হাড্ডা হাড্ডি লড়াকু অবস্থানে রেখেছে। এবার বাংলাদেশের ভোট যুদ্ধে বিএনপিকে এগিয়ে রেখেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেছেন, বাংলাদেশে আসন্ন নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে। সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না বলেও দাবি করেন তিনি।
শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের সাবেক এই পররাষ্ট্র সচিব বলেন, ‘কেউ তাদের (জামায়াত) আগে নিয়ে আসছে। তারপরও, নির্বাচনে অনিয়ম হলেই তারা (ক্ষমতায়) আসতে পারবে। নয়তো আসা অসম্ভব।’
তিনি আরও বলেন, ‘জামায়াত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অতীতে তারা কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি। তাদের সেরকম জনসমর্থনও নেই।’
এর আগে তিনি জানিয়েছিলেন, ‘ভারতের পক্ষ থেকে দেয়া বিবৃতি আপনারা দেখেছেন। আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে। তবে তেমন পরিস্থিতি আমি দেখিনি। নির্বাচন হবে কি না, সেটিও জানি না। সেখানে নিরাপত্তার উদ্বেগ রয়েছে। আর নির্বাচন হলেও কী পরিস্থিতিতে হবে, সেটিও দেখতে হবে। অনেক অনিশ্চয়তা ও প্রশ্ন রয়েছে।’
এ সময় বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না প্রসঙ্গে বলতে তিনি বলেন, ‘বাংলাদেশে আমি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছি, আমার অনেক বন্ধু রয়েছে সেখানে। তাদের সাথে যতবার কথা হয়েছে তারা বলেছে বাংলাদেশ অনেক বড় ভুল করছে। এটা অন্তর্বর্তী সরকার, তারা স্থায়ী সরকার তো নয়। নির্বাচনের মাধ্যমে তাদেরকেও জিতিয়ে আনেনি। জনগণ তাদের নিয়ে আসেনি তারা নিজেরাই চলে এসেছে। তারা এমন সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশের খেলাধুলার ভবিষ্যতের বিষয়ে। সেটা ঠিক নয় এবং সেটা তাদেরই ভাবার বিষয়, আমাদের নয়।’










