দেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এটি: আসিফ নজরুল
- আপডেট সময় : ০৮:০২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ৭৯ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সফল করতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ প্রস্তুত আছে। এমন কি বাংলাদেশ স্বাধীন হবার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এটি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, এ নির্বাচনে দুটি বৈশিষ্ট্য—পোস্টাল ব্যালটে ভোট ও গণভোট। প্রবাসীরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। পাশাপাশি, বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন শক্ত হোক। অনেক বেশি দৃঢ়তর হোক, এ জন্য গণভোটে ‘হ্যাঁ ভোট’ দেয়া জরুরি।
মানুষের মধ্যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, দীর্ঘ ১৭ বছর পর একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এটি অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য বদ্ধপরিকর সরকার।
ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোকনুজ্জামান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল নোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ অনেকেই।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩০০ সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।










