চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী
- আপডেট সময় : ১০:৩৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- / ৬৩ বার পড়া হয়েছে
বিপিএলে আবারো কপাল পুড়েছে বন্দর নগরির দল চট্টগ্রামের। এর আগে দু’বার ফাইনালেও উঠেও শিরোপা স্বাদ নিতে পারেনি। এবারও তাদের হতাশ করে শিরোপা জিতে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এটি তাদের দ্বিতীয় শিরোপা জয়।
শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে তানজিম তামিমের দূর্দান্ত ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করে রাজশাহী। জবাবে ১৩ বল বাকি থাকতেই ১১১ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম। ফাইনালের এই ব্যাটিং লড়াইটা একেবারে ম্যাড়ম্যাড়ে করে দেয় রাজশাহীর ভিনদেশী বোলার শ্রীলঙ্কান বিনুরা ফার্নান্দো। ৩ ওভারে মাত্র ৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি।
ক্রমাগত উইকেট পতনের থাক্কাটা সামাল দিয়ে উঠতে পারেনি চট্টগ্রাম। এক শ রান করার আগেই ৬ উইকেট হারায় তারা। একমাত্র মির্জা বেগ বাদে কেউই বড় রান করতে পারেননি। বেগ ৩৬ বলে ৩৯ রান করে আউট হন। সেটিই হয়ে থাকে ইনিংসের সর্বোচ্চ।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহীকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ও সাহিবজাদা ফারহান। একপাশে পাকিস্তানি তারকা ফারহান উইকেট আগলে রাখলেও শুরু থেকেই উইকেটে সাবলীল ছিলেন তামিম। উদ্বোধনী জুটিতে ৬২ বলে ৮৩ রান যোগ করার পর আউট হয়ে যান ফারহান (৩০ বলে ৩০)।
তবে কেন উইলিয়ামসনকে নিয়ে আরেক পাশে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান তামিম। দ্বিতীয় উইকেটে ৫৭ রান যোগ করেন তারা। যেখানে ১৫ বলে উইলিয়ামসনের অবদান ২৪। ১৩০ রানে দলের দ্বিতীয় ব্যাটার হিসেবে সাজঘরের পথ ধরেন উইলিয়ামসন। তামিম আউট হন দলীয় ১৬৩ রানের সময়। সেঞ্চুরি করেই প্যাভিলিয়নের পথ ধরতে হয় তাকে। ৬২ বলে ৬টি চার ও ৭ ছক্কায় ১০০ রানের নান্দনিক এই ইনিংস খেলেন তিনি।
শেষদিকে অবশ্য রাজশাহীর রান খুব বেশি বাড়াতে পারেননি জেমস নিশাম ও নাজমুল হোসেন শান্ত। ৬ বলে ৭ রান করে নিশাম অপরাজিত থাকলেও ৭ বলে ১১ রান করে শেষ বলে আউট হন শান্ত। তাতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রানে থামে রাজশাহী। চট্টগ্রামের হয়ে দুইটি করে উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলাম। সমান ৪ ওভারে মুগ্ধ মাত্র ২০ রান দিলেও শরিফুল খরচ করেন ৩৩ রান।










