পোষ্টাল ভোট বিডি অ্যাপ সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে রাজনৈতিক দলগুলোকে ডাকল ইসি
- আপডেট সময় : ০৮:১৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ১৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশে এই প্রথমবারের মতো একই সঙ্গে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আবার জাতীয় নির্বাচনে প্রথমবারের যুক্ত হতে যাচ্ছে প্রবাসীদের ভোটাধিকার। প্রবাসীদের ভোট কাউন্ট হবে পোষ্টাল ব্যালটে। কিন্তু কি ভাবে এই পোষ্টাল ভোট কাউন্ট করা হবে এ ব্যাপারে একটি স্বচ্ছ ধারণা দিতে রাজনৈতিক দলগুলো ডেকেছে নির্বাচন কমিশনার ( ইসি)। নির্বাচন কমিশন থেকে জানানো হয় ‘পোষ্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে কিভাবে ভোটদান কার্যক্রম অনুষ্ঠিত হবে তা রাজনৈতিক গুলোকে অবহিত করা হবে।
সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।
ইসি জানিয়েছে, এই অনুষ্ঠানে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দল থেকে টেকনিক্যাল জ্ঞান সম্পন্ন ২ জন প্রতিনিধি অংশ নিতে পারবেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থী নিজে অথবা তার মনোনীত টেকনিক্যাল জ্ঞান সম্পন্ন উপযুক্ত প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
ইসি আরও জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।
প্রতীক বরাদ্দের পর থেকেই দেশ এবং দেশের বাইরে অবস্থানরত ভোটাররা, যারা ইতোমধ্যে ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে কীভাবে সম্পন্ন হবে এবং এর নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিই কালকের ব্রিফিংয়ে আলোচনা করা হবে।
সংশ্লিষ্টরা জানান, পোস্টাল ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং রাজনৈতিক দলগুলোর সংশয় দূর করতেই এই কারিগরি ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।










