খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ০৮:৪২:১২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ১৩৪ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টাকে সন্ধ্যা ৭টা ৮ মিনিটে স্বাগত জানিয়ে সরাসরি চেয়ারপারসনের কাছে নিয়ে গেছেন। তাদের সঙ্গে ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।
এদিকে সকালে খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এভারকেয়ার হাসপাতালে এসেছেন। এরইমধ্যে হাসপাতালের মেডিকেল বোর্ড বিদেশি চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট ও সাম্প্রতিক পরীক্ষার তথ্য-উপাত্ত শেয়ার করেছে, যাতে তারা প্রাথমিক পর্যায় থেকেই সমন্বিত সিদ্ধান্ত নিতে পারেন এবং চিকিৎসায় সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করা যায়।










